রোদের তেজ ও ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, জানুন আজকের আবহাওয়ার আপডেট
March 18, 20269:04 am

রাজ্যজুড়ে গত কয়েকদিনের বৃষ্টির দাপট কাটিয়ে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভোরের দিকে হালকা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ এবং ভ্যাপসা গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় দিনভর ঘাম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ আবহাওয়ার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মেঘ আর রোদের খেলা চললেও আর্দ্রতাজনিত অস্বস্তিই আজ প্রধান্য পাবে। সব মিলিয়ে রাজ্যজুড়ে আজ শুষ্ক ও গুমোট গরম অনুভূত হবে, ফলে সাধারণ মানুষকে দিনভর রোদের তেজ আর ঘাম সামলেই যাতায়াত করতে হবে।