লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি ‘জাগো প্রকল্প’: স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাচ্ছেন ৫০০০ টাকা

পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে ‘জাগো প্রকল্প’ রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যোগ্য স্বনির্ভর গোষ্ঠীকে (SHG) বছরে এককালীন ৫,০০০ টাকা ‘রিভলভিং ফান্ড’ বা অনুদান প্রদান করা হয়। গ্রামীণ ও শহর এলাকার ক্ষুদ্র ব্যবসাকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই সুবিধা পেতে গোষ্ঠীটিকে অন্তত এক বছরের পুরনো ও সক্রিয় হতে হবে। এছাড়া সদস্য হিসেবে শুধুমাত্র মহিলারা থাকতে পারবেন এবং গোষ্ঠীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্টে নূন্যতম পাঁচ হাজার টাকা ব্যালেন্স এবং পূর্বে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার রেকর্ড থাকতে হবে। প্রকল্পের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক এবং যাচাইকরণ শেষে টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়।
রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তার লক্ষ্যমাত্রা নিয়েছে, যার ফলে উপকৃত হবেন প্রায় ১ কোটি মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হলেও, জাগো প্রকল্পের অর্থ মূলত গোষ্ঠীগত মূলধন হিসেবে নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করে। স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে নবান্নের এই বিশেষ উদ্যোগ নারী সমাজকে আরও শক্তিশালী করে তুলছে।