লন্ডনের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের ছায়া! কাঁপছে প্যারিস থেকে বার্লিনও

নিউজ ডেস্ক
ইরানের হাতে এখন এমন বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা অনায়াসেই গুঁড়িয়ে দিতে পারে লন্ডন, প্যারিস কিংবা বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলোকে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সম্প্রতি এক চাঞ্চল্যকর সতর্কবার্তায় জানিয়েছে, তেহরানের নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম।
আইডিএফ-এর দাবি অনুযায়ী, ‘অপারেশন রাইজিং লায়ন’ চলাকালীন ইরানের এই দীর্ঘ পাল্লার মারণাস্ত্রের হদিস মিলেছে। এর ফলে শুধুমাত্র এশিয়া নয়, বরং ইউরোপ ও আফ্রিকার দেশগুলোও এখন সরাসরি ইরানি হুমকির মুখে। ইজরায়েলি বাহিনীর মতে, এই ‘সন্ত্রাসবাদী শাসকগোষ্ঠী’ এখন বিশ্বের বড় একটি অংশের জন্য নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ইজরায়েলের আকাশ এখন আর নিরাপদ নয়। বিশেষ করে ডিমোনা অঞ্চলের মতো সুরক্ষিত এলাকায় যদি ইজরায়েল ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়, তবে যুদ্ধ এক নতুন এবং ভয়াবহ মোড় নেবে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিস্থিতিকে অত্যন্ত ‘কঠিন সময়’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সব ফ্রন্টে শত্রুদের যোগ্য জবাব দিতে ইজরায়েল বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন বিশ্বজুড়ে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।