লাভাস্রোতে ডুবল হাইওয়ে! ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে আগ্নেয়গিরির রুদ্ররূপে ব্যাপক আতঙ্ক

লাভাস্রোতে ডুবল হাইওয়ে! ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে আগ্নেয়গিরির রুদ্ররূপে ব্যাপক আতঙ্ক

ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘পিটন দে লা ফোরনাইজ’-এর ভয়াবহ অগ্ন্যুৎপাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ৫ লক্ষ বছরেরও প্রাচীন এই আগ্নেয়গিরি থেকে নির্গত গলন্ত লাভা এবার সরাসরি নেমে এসেছে জনপদের হাইওয়েতে। মাদাগাস্কার থেকে ৭০০ কিমি পূর্বে অবস্থিত এই দ্বীপে আগুনের নদী বয়ে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ষোড়শ শতাব্দীর পর থেকে এ পর্যন্ত ১৫০ বারেরও বেশি সক্রিয় হওয়া এই আগ্নেয়গিরিটি এবার জনজীবন ও পরিবেশের ওপর বড়সড় প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, গত ১৩ ফেব্রুয়ারি শেষবার অগ্ন্যুৎপাত হলেও এবারের স্থায়িত্ব এবং তীব্রতা আগের তুলনায় অনেক বেশি। গলন্ত পাথরের তপ্ত স্রোত পথের ধারের গাছপালা ও বন্যপ্রাণীকে গ্রাস করছে। আকাশ ঢেকেছে ঘন বিষাক্ত ধোঁয়ার মেঘে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট ও চোখ জ্বলার মতো উপসর্গ দেখা দিয়েছে। তবে লাভাস্রোত সমুদ্রের সংস্পর্শে এলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে দ্বীপটির ভূখণ্ড বা আয়তন কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে ওই এলাকাটি সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং পর্যটকদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও ক্রমাগত লাভাপ্রবাহের কারণে দ্বীপের সমৃদ্ধ বনভূমি ও প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রকৃতির এই বিধ্বংসী রূপ দ্বীপবাসীদের নিরাপত্তার প্রশ্নে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে উদ্ধারকারী দল ও বিজ্ঞানীরা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *