লালগোলায় হৃতগৌরব পুনরুদ্ধারে তৃণমূলের তুরুপের তাস বিশিষ্ট চিকিৎসক, জয়ের আশায় মরিয়া কংগ্রেস

মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লালগোলা বিধানসভা কেন্দ্রে আসন্ন ২০২৬ নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা ভোটে জয়ী হলেও পরবর্তীতে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে শাসকদলের ভোট ব্যাংকে ধস নামে। প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে থাকা এই জনপদে হারানো জমি ফিরে পেতে এবার তরুণ চিকিৎসক আব্দুল আজিজকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। প্রার্থীর নাম ঘোষণার পরেই কোমর বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় কর্মী-সমর্থকরা।
ঐতিহাসিকভাবে কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত এই কেন্দ্রে ১৯৫২ থেকে ২০১৬ পর্যন্ত একাধিপত্য ছিল হাত শিবিরের। ২০২১ সালে প্রথমবার তৃণমূল জয়ী হলেও বর্তমান পরিসংখ্যান বলছে, এলাকার ১২টি অঞ্চলের মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট। ব্লক কংগ্রেস নেতৃত্বের দাবি, গত নির্বাচনে ধর্মীয় মেরুকরণের কারণে হার হলেও মানুষ ফের কংগ্রেসের দিকে ঝুঁকেছেন। লালগোলা পঞ্চায়েত সমিতি ও অধিকাংশ অঞ্চল দখল করার পর এবার বিধানসভা আসনটি পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী তারা।
রাজনৈতিক সমীকরণে পিছিয়ে থাকলেও তৃণমূল নেতৃত্ব পরাজয় মানতে নারাজ। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানের মতে, স্থানীয় কর্মীদের নিরলস প্রচেষ্টায় লালগোলার মানুষ ফের উন্নয়নের পক্ষে ফিরছেন। প্রার্থী আব্দুল আজিজও মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছেন। তবে একদিকে কংগ্রেসের হারানো জমি ফিরে পাওয়ার লড়াই এবং অন্যদিকে শাসকদলের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ— সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনে লালগোলায় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।