লিটারে ২ টাকা বেড়ে গেল প্রিমিয়াম পেট্রোলের দাম, ২০ মার্চ থেকে কার্যকর নতুন দাম

নয়াদিল্লি: ২০ মার্চ থেকেই বদলে গেল জ্বালানির অঙ্ক। সাধারণ পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি থাকলেও এক ধাক্কায় দাম বাড়ল প্রিমিয়াম পেট্রোলের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্থিরতার জেরে দেশের বাজারেও পড়ল তার প্রভাব।
তেল বিপণন সংস্থাগুলির সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের ‘XP95’ বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের ‘পাওয়ার পেট্রোল’-এর মতো প্রিমিয়াম জ্বালানির দাম লিটার প্রতি ২ টাকা থেকে ২.৩ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দিল্লি সহ বিভিন্ন শহরে ইতিমধ্যেই কার্যকর হয়েছে এই নতুন হার। তবে সাধারণ মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর এটাই যে, সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
মূলত উচ্চক্ষমতাসম্পন্ন এবং বিলাসবহুল গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে এই প্রিমিয়াম পেট্রোল ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরেই এই মূল্যবৃদ্ধি। যদিও সাধারণ জ্বালানির দাম স্থির থাকায় বৃহত্তর জনজীবনে এর প্রভাব সীমিত থাকবে বলেই মনে করা হচ্ছে।