লিপুলেখ সীমান্ত বাণিজ্য ও সরাসরি বিমান পরিষেবা চালুর পথে ভারত-চীন

২০২০ সালের লাদাখ সংঘাতের পর ভারত ও চীনের মধ্যকার দীর্ঘস্থায়ী বাণিজ্যিক ও কূটনৈতিক অচলাবস্থা কাটতে শুরু করেছে। দীর্ঘ ছয় বছর পর উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে পুনরায় দ্বিপাক্ষিক সীমান্ত বাণিজ্য শুরুর অনুমতি দিয়েছে বিদেশ মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারত ও চীনের বাণিজ্যিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
একই সাথে বেজিং-দিল্লি সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শনিবার এই ঘোষণা দিয়ে জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে এটি একটি বড় পদক্ষেপ। সীমান্ত উত্তজনা এবং পূর্ববর্তী বয়কট প্রবণতা কাটিয়ে উঠে দুই দেশই এখন স্থিতিশীল সহযোগিতার পথে হাঁটতে চাইছে।
আমেরিকার সাথে বাণিজ্যিক সমীকরণ বজায় রাখলেও ভারত কৌশলগতভাবে চীন ও রাশিয়ার সাথে মৈত্রী বজায় রাখার নীতি গ্রহণ করেছে। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার পাশাপাশি চীনের সাথে পুরনো বিবাদ মিটিয়ে বাণিজ্য প্রসারে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে এই পদক্ষেপ এশিয়ার দুই শক্তিধর দেশের সম্পর্কে নতুন মোড় নিয়ে আসবে।