লেবাননে ইজরায়েলি সেনার ‘সাদা ফসফরাস’ হামলার অভিযোগ, বাড়ছে উদ্বেগ

লেবাননে ইজরায়েলি সেনার ‘সাদা ফসফরাস’ হামলার অভিযোগ, বাড়ছে উদ্বেগ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতির মাঝে লেবাননের দক্ষিণাঞ্চলীয় ইয়োহমর শহরের আবাসিক এলাকায় নিষিদ্ধ ‘সাদা ফসফরাস’ বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইজরায়েলি সেনার বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি, গত ৩ মার্চ জনবসতিপূর্ণ এলাকায় কামান থেকে এই রাসায়নিক গোলাবর্ষণ করা হয়েছে। ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও যাচাই করে সংস্থাটি জানিয়েছে, আকাশে বিস্ফোরিত সাদা ফসফরাসের প্রভাবে অন্তত দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রাসায়নিক এই পদার্থটি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলেই ভয়াবহ আগুন ধরে যায়, যা অসামরিক স্থাপনা ও কৃষিজমিতে দ্রুত ছড়িয়ে পড়ে। মানবাধিকার গবেষকদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এটি নির্বিচারে সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দেয়। সামরিক ক্ষেত্রে ধোঁয়ার আড়াল তৈরি বা সংকেত দেওয়ার কাজে এটি ব্যবহৃত হলেও, আবাসিক এলাকায় এর প্রয়োগ দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।

এই চাঞ্চল্যকর অভিযোগের মধ্যেই ইজরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে। হিজবুল্লা প্রভাবিত ওই অঞ্চলগুলি থেকে সাধারণ মানুষকে উত্তর ও পূর্ব দিকে সরে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও গাজা ও লেবাননে সামরিক অভিযানের সময় ইজরায়েলের বিরুদ্ধে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ উঠেছিল, যদিও প্রতিবারই ইজরায়েলি সেনাবাহিনী সেই দাবি অস্বীকার করে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *