লেবানন যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে হাড় পুড়িয়ে দেওয়া বিষাক্ত রাসায়নিক ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ

লেবাননের রণক্ষেত্রে ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘হোয়াইট ফসফরাস’ নামক ভয়ংকর রাসায়নিক অস্ত্র ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জনবহুল ইওহমোর গ্রামে আর্টিলারি হামলার সময় এই মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে। বাতাসের সংস্পর্শে এলেই ৮০০ ডিগ্রি সেলসিয়াসে জ্বলে ওঠা এই বিষাক্ত পদার্থ মানুষের চামড়া ছাড়িয়ে হাড় পর্যন্ত পুড়িয়ে দিতে সক্ষম। যদিও ইজরায়েলি সেনাবাহিনী একে কেবল ধোঁয়ার আড়াল তৈরির মাধ্যম হিসেবে দাবি করে আসছে, তবে জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
মর্মান্তিক এই যুদ্ধ পরিস্থিতিতে গত এক সপ্তাহে লেবাননে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, যার মধ্যে ৮৩ জন শিশু ও ৪২ জন মহিলা রয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবানন ও বৈরুতসহ বিভিন্ন এলাকায় বিমান হামলায় আহত হয়েছেন ১,১৩০ জনেরও বেশি মানুষ। বিশেষ করে বসতি এলাকায় ফসফরাস গোলার ব্যবহার সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকা জুড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।