লোকসভায় তুলকালাম এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সরব বিরোধীরা

ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল লোকসভা। মঙ্গলবার অধিবেশনের ‘জিরো আওয়ারে’ বিরোধীদের প্রবল বিক্ষোভ ও স্লোগানবাজির জেরে ২৫ মিনিটের জন্য মুলতুবি করে দেওয়া হয় সংসদীয় কার্যক্রম।
এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান যখন অতিরিক্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন, তখনই উত্তেজনার সূত্রপাত হয়। কৃষিমন্ত্রী অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেন্দ্রীয় কৃষক সুরক্ষা প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করছে না। এই মন্তব্যের পরই তৃণমূল সাংসদরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
কিছুক্ষণের মধ্যেই অন্যান্য বিরোধী দলের সাংসদরাও এই বিক্ষোভে শামিল হন। লোকসভার ভেতরে ‘ভোট চুরি বন্ধ করো’ এবং ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ করো’ স্লোগানে শোরগোল পড়ে যায়। সেই সময় স্পিকারের আসনে থাকা বিজেপি সাংসদ সন্ধ্যা রায় বিরোধীদের বারবার শান্ত হওয়ার অনুরোধ জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। লাগাতার হট্টগোলের জেরে শেষ পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।