লোকসভা আসন পুনর্বিন্যাসের প্রস্তাব আসলে ‘গণবিভ্রান্তির অস্ত্র’, মোদি সরকারকে তোপ কংগ্রেসের

লোকসভা আসন পুনর্বিন্যাসের প্রস্তাব আসলে ‘গণবিভ্রান্তির অস্ত্র’, মোদি সরকারকে তোপ কংগ্রেসের

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। বিরোধীদের দাবি, উত্তরপ্রদেশের মতো জনবহুল রাজ্যগুলিতে আসন বাড়িয়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চাইছে বিজেপি। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, পর্যাপ্ত আলোচনা ছাড়াই এই প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বিপজ্জনক হতে পারে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন বৃদ্ধির এই নয়া সমীকরণে দক্ষিণের রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গসহ অপেক্ষাকৃত ছোট রাজ্যগুলির রাজনৈতিক গুরুত্ব হ্রাস পাবে। উদাহরণস্বরূপ, আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়লে উত্তরপ্রদেশ ও কেরলের মধ্যে আসনের ব্যবধান ৬০ থেকে বেড়ে ৯০ হবে। একইভাবে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের মধ্যেও আসনের ফারাক ৩৮ থেকে বেড়ে ৫৭-তে দাঁড়াবে, যা আঞ্চলিক বৈষম্যকে আরও তীব্র করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন পুনর্বিন্যাসের মাধ্যমে কোনো রাজ্যের ক্ষতি হবে না বলে আশ্বাস দিলেও তা মানতে নারাজ বিরোধী শিবির। তাদের অভিযোগ, এই কৌশলের ফলে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিও সংসদীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে পিছিয়ে পড়বে। সার্বিকভাবে এই পদক্ষেপকে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর একটি রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে হাত শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *