লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আজ উত্তাল সংসদ

আজ সোমবার লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে পেশ হতে চলেছে অনাস্থা প্রস্তাব। কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, কে সুরেশ ও মল্লু রবি এই প্রস্তাব উত্থাপন করবেন। বিরোধীদের অভিযোগ, স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং শাসকদলের পক্ষ নিয়ে বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করেছেন। বিশেষ করে বিরোধী নেতাদের কথা বলার সুযোগ না দেওয়া এবং একতরফাভাবে সাংসদদের সাসপেন্ড করার মতো বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী শিবির।
সংসদের নিয়ম অনুযায়ী, প্রস্তাবটি গৃহীত হতে হলে অন্তত ৫০ জন সদস্যের সমর্থন প্রয়োজন। শাসকদল ও বিরোধী উভয় পক্ষই তাদের সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। তবে লোকসভায় সংখ্যার বিচারে এনডিএ জোট সুবিধাজনক অবস্থায় থাকায় এই প্রস্তাব খারিজ হওয়ার সম্ভাবনাই প্রবল। যদিও সংবিধান অনুযায়ী স্পিকার এই প্রক্রিয়ায় নিজের পক্ষ সমর্থনের সুযোগ পাবেন, তবুও ভোটদানের ক্ষেত্রে তাঁকে প্রচলিত স্বয়ংক্রিয় ব্যবস্থার পরিবর্তে কাগজের স্লিপ ব্যবহার করতে হবে।