শপথ নিয়েই মমতার মুখে ভালোবাসার পাঠ, নতুন রাজ্যপাল আর এন রবিকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথগ্রহণ করেন তিনি। প্রথা মেনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে প্রথম সাক্ষাতেই মুখ্যমন্ত্রী তাঁকে এক বিশেষ বার্তা দেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আর এন রবিকে উদ্দেশ্য করে বলেন, যারা বাংলাকে ভালোবাসে, বাংলাও তাঁদের ভালোবাসে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে গত ৫ মার্চ সি ভি আনন্দ বোস আকস্মিকভাবে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। এরপরই তামিলনাড়ুর রাজ্যপাল তথা প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবিকে বাংলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ধরনা মঞ্চ থেকেও তিনি অভিযোগ করেছিলেন যে, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানো হয়েছে এবং রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করছে কেন্দ্র। এমনকি আর এন রবিকে বিজেপির ক্যাডার বলেও তোপ দেগেছিলেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, নাগাল্যান্ড ও তামিলনাড়ুতে থাকাকালীন অবিজেপি রাজ্য সরকারগুলোর সঙ্গে আর এন রবির সংঘাত বারবার সংবাদের শিরোনামে এসেছে। বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর বিরোধের কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্মরণ করিয়ে দিয়েছিলেন। তাই দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ‘ভালোবাসার পাঠ’ দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চাইলেন যে, বাংলার রাজনৈতিক সংস্কৃতি ও প্রেক্ষাপট অন্যান্য রাজ্যের তুলনায় আলাদা।