শহরে বৃদ্ধার গলা কেটে গয়না লুঠ, পুলিশের জালে পরিচিত ফল বিক্রেতা

দক্ষিণ কলকাতার নেতাজিনগর এলাকায় একাকী বৃদ্ধার ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে গয়না লুঠের ঘটনায় এক পরিচিত ফল বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুকুমার বৈদ্য। গত শুক্রবার পল্লিশ্রীর বাসিন্দা ৭৬ বছর বয়সি কৃষ্ণা রায়চৌধুরীর বাড়িতে ঢুকে তাঁর গলায় ছুরি চালিয়ে গয়না নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধা।
তদন্তে নেমে নেতাজিনগর থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন। ঘটনার পর অভিযুক্ত সুকুমার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট, নামখানা ও বকখালির বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। পুলিশি তৎপরতা এড়াতে বারবার আস্তানা বদল করলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে বারুইপুরের সূর্যপুর এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃত সুকুমার ওই এলাকায় ফল বিক্রির সূত্রে বৃদ্ধার পূর্বপরিচিত ছিল এবং সুযোগ বুঝে এই হামলা চালায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুঠ করা সোনার গয়না উদ্ধার করা হয়েছে। ধৃতের মোবাইল ফোনের লোকেশন ও স্থানীয় সোর্স কাজে লাগিয়ে পুলিশ দ্রুত এই সাফল্যের মুখ দেখেছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা ও ডাকাতির মামলা রুজু করে ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।