শান্তিপুরে বিজেপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জলপাইগুড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নদীয়ার শান্তিপুরে বিজেপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের তির জেলা বিজেপির এক সহ-সভাপতির দিকে। চাঁদা সংক্রান্ত আলোচনার নাম করে ওই মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। ঘটনার পর নির্যাতিতা শান্তিপুর থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিতার দাবি, পার্টি অফিসে পৌঁছানোর পর তাঁকে পিছন থেকে জাপটে ধরে পাশবিক অত্যাচার চালানো হয়। সেখান থেকে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসে তিনি পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই নক্করজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে একে ‘উত্তরপ্রদেশ মডেল’ বলে কটাক্ষ করেছেন। বিজেপি নেতাদের এমন আচরণ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বলে দাবি করেছে ঘাসফুল শিবির। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।