শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে হাওড়ায় পুলিশ কমিশনারের বিশেষ বৈঠক ও থানা পরিদর্শন

শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে হাওড়ায় পুলিশ কমিশনারের বিশেষ বৈঠক ও থানা পরিদর্শন

আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত করতে তৎপরতা শুরু করেছে হাওড়া পুলিশ কমিশনারেট। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কমিশনারেটের বিভিন্ন থানা পরিদর্শন এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। রবিবার তিনি হাওড়া সিটি পুলিশের একাধিক থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করেন। একইসঙ্গে এদিন বিভিন্ন এলাকায় প্রস্ততি খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকও।

পুলিশ কমিশনার জানান, হিংসামুক্ত ও ভয়হীন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশকে ছ’দফা নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই ছাপ্পা ভোট বরদাস্ত করা হবে না এবং বুথের আশেপাশে জমায়েত রুখতে কঠোর নজরদারি চালানো হবে। এদিন সকালে তিনি সাঁকরাইল, মানিকপুর ও নাজিরগঞ্জ সহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে জগাছা, বালি ও বেলুড়ের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং পুলিশি তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন।

নির্বাচনী আবহের মধ্যেই আগামী শুক্রবার রামনবমী উৎসবকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। অতীতের অপ্রীতিকর ঘটনাগুলো মাথায় রেখে এ বছর শোভাযাত্রার রুটগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও কড়া নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার স্পষ্ট করেছেন যে, উৎসবের দিন যাতে কোনো ধরনের উত্তেজনা বা সংঘর্ষের ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রশাসনের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *