শান্তি বজায় রাখতে কড়া নির্বাচন কমিশন, জেলাশাসক ও পুলিশ কর্তাদের কড়া হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের

আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানান, আজকের রাতই হোক সেই রাত, যার পর রাজ্যে কোনো বেআইনি অস্ত্র, বোমা, নগদ টাকা বা মদের কারবার সহ্য করা হবে না। সমস্ত অবৈধ সামগ্রী দ্রুত বাজেয়াপ্ত করার জন্য তিনি কড়া নির্দেশ দিয়েছেন।
রাজ্যের প্রাক-নির্বাচন ও নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগের প্রেক্ষিতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ভোটে কোনো প্রকার হিংসা হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত অফিসার সরাসরি দায়ী থাকবেন এবং তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বিনীত গোয়েলের উপস্থিতিতে এনডিপিএস আইনের প্রয়োগ এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে বাংলার অশান্তি নিয়েও সরাসরি প্রশ্ন তোলে কমিশন।
বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ও বর্তমান পরিস্থিতি বিচার করে এবার কমিশনের মেজাজ যথেষ্ট আক্রমণাত্মক। কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার কোনো কারচুপি বা অশান্তির অবকাশ থাকবে না। রাজ্যের পুলিশ প্রশাসনকে সাফাই দেওয়ার সুযোগ না দিয়ে কমিশন বুঝিয়ে দিয়েছে যে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই তাদের একমাত্র লক্ষ্য। এখন দেখার, কমিশনের এই কড়া নির্দেশের পর মাঠপর্যায়ে পরিস্থিতির কতটা পরিবর্তন ঘটে।