শাহবাজ শরিফের মৃত্যু নিশ্চিত ছিল! ট্রাম্পের এক মন্তব্যে তোলপাড় বিশ্ব

শাহবাজ শরিফের মৃত্যু নিশ্চিত ছিল! ট্রাম্পের এক মন্তব্যে তোলপাড় বিশ্ব

নিউজ ডেস্ক : ফের বিস্ফোরক এবং বেফাঁস মন্তব্য করে বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর নিশানায় ছিল ভারত ও পাকিস্তান। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন, তিনি যদি হস্তক্ষেপ না করতেন তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মৃত্যু পর্যন্ত হতে পারত।

ট্রাম্পের এই আজব দাবি ঘিরে বুধবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। নিজের কৃতিত্ব জাহির করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সাড়ে তিন কোটি মানুষ আমাকে বলেছে আমি যদি ভারত-পাকিস্তানের যুদ্ধ না থামাতাম, তবে শাহবাজ শরিফ আর বেঁচে থাকতেন না।” ট্রাম্পের মতে, সেই সময় পরিস্থিতি পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল এবং তিনিই দাতা সেজে সেই ধ্বংসলীলা আটকেছেন।

তবে ট্রাম্পের এই বক্তৃতার কিছুক্ষণের মধ্যেই আসল সত্যিটা সামনে আসে। জানা যায়, উত্তেজনার বশে শব্দ গুলিয়ে ফেলেছিলেন তিনি। আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন যে, যুদ্ধ না থামলে সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু ট্রাম্প বলে বসেন ঠিক উল্টো কথা, যেখানে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রাণ সংশয়ের দাবি করেন তিনি।

এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে হোয়াইট হাউস। তড়িঘড়ি সাফাই দিয়ে বিষয়টিকে ‘মুখ ফসকে বলা কথা’ হিসেবে চালানোর চেষ্টা করলেও বিরোধীরা ছাড়তে নারাজ। ডেমোক্র্যাটরা পাল্টা আক্রমণ করে বলছেন, ট্রাম্প এখন বয়সোচিত ভ্রান্তির শিকার। যে ভুলে জো বাইডেনকে তিনি আক্রমণ করতেন, এখন সেই একই পথে হাঁটছেন ট্রাম্প নিজে। ভারতের ক্ষেত্রে এই বেফাঁস মন্তব্য বরং স্বস্তির, কারণ বারবার ট্রাম্পের এমন আজগুবি দাবিতে তাঁর কথার গুরুত্ব বিশ্বমঞ্চে ক্রমেই ফিকে হয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *