শাহী আশ্বাসে কাটল না জট, নির্বাচনে কুড়মিদের অবস্থান নিয়ে ধোঁয়াশা

শাহী আশ্বাসে কাটল না জট, নির্বাচনে কুড়মিদের অবস্থান নিয়ে ধোঁয়াশা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর দাবি পূরণ নিয়ে আশানুরূপ আশ্বাস না মেলায় অসন্তুষ্ট আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো। কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়ে কেন্দ্রের প্রক্রিয়ার আশ্বাসে চিঁড়ে ভেজেনি সংগঠনটির। আসন্ন নির্বাচনে বিজেপিকে সমর্থন করা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শীঘ্রই রাজ্য কমিটির বৈঠক ডাকছে কুড়মি সমাজ।

এদিকে, বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের প্রথম জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে। ছোটনাগপুর কুড়মি সমাজসহ একাধিক সংগঠন এই সভার প্রস্তুতি সম্পন্ন করেছে। মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো এই মঞ্চের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেও জনসভার সাফল্য কামনা করেছেন। দাবি আদায়ের লক্ষ্যে এই বিশাল জমায়েত থেকেই নির্বাচনী রণকৌশল ঘোষণা করতে পারে যৌথ মঞ্চ।

জঙ্গলমহলের রাজনীতিতে কুড়মিদের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগে ‘নো ভোট টু টিএমসি’ ডাক দিলেও, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের পদক্ষেপে খুশি নয় কুড়মি নেতৃত্বের একাংশ। বিশেষ করে জেএলকেএম এবং অন্যান্য উপদলের সক্রিয়তা এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। রাজ্য কমিটির সিদ্ধান্তের পরেই পরিষ্কার হবে, বিধানসভা নির্বাচনে কুড়মি ভোটব্যাঙ্ক কোন দিকে ঝুঁকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *