শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডা: ইন্দাসের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় স্কুল কর্তৃপক্ষ

বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির কক্ষে ঢুকে শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর অভিযোগে বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ক্লাস চলাকালীন অনুমতি ছাড়া বিধায়কের আকস্মিক প্রবেশ এবং পড়ুয়াদের সামনেই শিক্ষককে আসাম্মানজনক কথা বলার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলের পরিচালন সমিতির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমলেন্দু সরকার জানান, এই নজিরবিহীন ঘটনায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া ভীতি দূর করতেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। তৃণমূলের পক্ষ থেকে বিধায়কের এই আচরণকে ‘ঔদ্ধত্য’ বলে কটাক্ষ করা হয়েছে। তাদের দাবি, নিরাপত্তারক্ষী ও ক্যামেরাম্যান নিয়ে ক্লাসে ঢুকে শিক্ষককে অপমান করা বিধায়কের পদের অমর্যাদা।
পাল্টা প্রতিক্রিয়ায় বিধায়ক নির্মলকুমার ধাড়া নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, সমাজের মঙ্গলে কাজ করলে সমালোচনা হবেই। এলাকার জনপ্রতিনিধি হিসেবে স্কুল ঠিকঠাক চলছে কি না, তা দেখার অধিকার তাঁর আছে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষই ব্যালট বাক্সে এর যোগ্য জবাব দেবেন।