শিক্ষক নিয়োগের টোপ দিয়ে ৫৮ লক্ষ টাকা জালিয়াতি, আনন্দপুরে পুলিশের জালে স্কুল শিক্ষক

শিক্ষক নিয়োগের নাম করে এক ছাত্রের কাছ থেকে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন অনুপ প্রধান নামে এক হাইস্কুল শিক্ষক। বুধবার রাতে কলকাতার আনন্দপুর থানা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে স্কুল সার্ভিসে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক বছর ধরে এই বিপুল অঙ্কের টাকা হাতিয়েছিলেন বলে অভিযোগ।
পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক আগে বাঁকুড়ার একটি সরকারি স্কুলে কর্মরত থাকাকালীন অভিযোগকারী ছাত্রকে অর্থনীতি পড়াতেন। শিক্ষা দপ্তরে প্রভাব খাটানোর আশ্বাস দিয়ে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দফায় দফায় ওই টাকা নেন তিনি। পরবর্তীতে তিনি কলকাতার হরিনাভি এলাকার একটি স্কুলে বদলি হয়ে আসেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় এবং টাকা ফেরত না পেয়ে গত ২০ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ছাত্র।
তদন্তকারীরা ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে ১৯ লক্ষ টাকা অনলাইন ট্রান্সফারের প্রমাণ পেয়েছেন। বাকি টাকাও বিভিন্ন সময়ে ব্যাঙ্কের মাধ্যমে নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের পর শিক্ষকের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃত শিক্ষক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।