শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের জন্য বিরাট সুখবর অফিস টাইমে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন চালাচ্ছে রেল

শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের জন্য বিরাট সুখবর অফিস টাইমে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন চালাচ্ছে রেল

শিয়ালদহ ডিভিশনের মেন লাইনের নিত্যযাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল রেল কর্তৃপক্ষ। যাত্রী পরিষেবা আরও উন্নত করতে আগামী ১৬ মার্চ, সোমবার থেকে শিয়ালদহ-গেদে শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই পদক্ষেপে হাজার হাজার দৈনিক যাত্রী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিয়ালদহ-ব্যারাকপুর লোকালের (৩১২২৭) যাত্রাপথ গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এটি ৩৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে সকাল ৯টা ২৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১২টা ৭ মিনিটে গেদে পৌঁছাবে। একইভাবে ৩৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল সকাল ৮টা ২৬ মিনিটে গেদে থেকে ছেড়ে ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এছাড়া ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকালটিও এখন থেকে গেদে পর্যন্ত যাবে এবং ৩৯৩৩ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে বিকেল ৪টে ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গন্তব্যে পৌঁছাবে।

যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে গেদে ও মাঝেরহাটের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল বিকেল ৪টে ১৫ মিনিটে গেদে থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে। পাশাপাশি রানাঘাট ও গেদের মধ্যে আরও তিনটি বিশেষ ইএমইউ স্পেশাল (৩১৭৬১, ৩১৭৬২ এবং ৩১৭৬৪) চালু করছে রেল। এর পাশাপাশি ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। ট্রেনটি এখন থেকে বিকেল ৪টে ৫০ মিনিটের পরিবর্তে ৪টে ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।

প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ট্রেনগুলি চালানো হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। পরবর্তীকালে যাত্রীদের ভিড় ও প্রয়োজনীয়তা বিবেচনা করে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রেনের বিস্তারিত সময়সূচি জানতে যাত্রীদের সংশ্লিষ্ট স্টেশনের নোটিস বোর্ড দেখার অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *