শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুত ভারত, আহমেদাবাদে স্যান্টনারকে সূর্যকুমারের কড়া জবাব

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালের আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামার আগে কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারের ‘হৃদয় ভাঙার’ হুঙ্কারকে বিশেষ আমল দিচ্ছেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। স্যান্টনারের মন্তব্যকে স্রেফ ‘নকল’ বলে উড়িয়ে দিয়ে স্কাই জানান, কঠিন পরিস্থিতি সামলাতে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত তাঁর দল।
বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক অফ-ফর্ম নিয়ে দলের অন্দরে কোনো দুশ্চিন্তা নেই বলে স্পষ্ট করেছেন অধিনায়ক। সূর্যকুমারের মতে, বরুণ বিশ্বমানের বোলার এবং ১১ জনের খেলায় দলের প্রয়োজনে বাকিরা খামতি পূরণ করে দেবেন। ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের লক্ষ্যই এখন অগ্রাধিকার। নির্দিষ্ট কোনো রানের লক্ষ্য না রেখে পিচের চরিত্র বুঝে স্বাভাবিক ক্রিকেট খেলার পক্ষেই সওয়াল করেছেন তিনি।
দলের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের ওপর অগাধ আস্থা রাখছেন ভারত অধিনায়ক। বুমরাহ, পান্ডিয়াদের অভিজ্ঞতা এবং ঈশান-অরশদীপদের হালকা মেজাজ ড্রেসিংরুমের পরিবেশকে চনমনে রেখেছে। দেশের মাটিতে ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত সূর্যকুমার জানান, খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দিয়ে আক্রমণাত্মক মেজাজেই মাঠে নামবে ভারত। মাঠের বাইরের অতীত পরিসংখ্যান ভুলে ট্রফি জয়ের লক্ষ্যেই অবিচল ‘মেন ইন ব্লু’।