শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে ফাঁকা আসন নিয়ে বিতর্ক, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে আক্ষেপ দ্রৌপদী মুর্মুর

শনিবার শিলিগুড়ির গোঁসাইপুরে আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানের সভাস্থল পরিবর্তন এবং দর্শকাসনের বহু চেয়ার ফাঁকা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। রাষ্ট্রপতি ইঙ্গিত দেন যে, অনেককে হয়তো অনুষ্ঠানে আসতে বাধা দেওয়া হয়েছে। আয়োজকদের অভিযোগ, প্রশাসনের কড়াকড়ি ও নিরাপত্তা পাসের অভাবে অনেক আমন্ত্রিত ব্যক্তি সভাস্থলে পৌঁছাতে পারেননি।
প্রথমে অনুষ্ঠানটি বিধাননগরে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে নিরাপত্তার দোহাই দিয়ে তা গোঁসাইপুরে স্থানান্তরিত করা হয়। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি আদি সভাস্থল বিধাননগর পরিদর্শনে যান এবং সেখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন। প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর তাঁকে স্বাগত জানাতে না আসায় প্রশাসনিক সমন্বয় নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ছোট বোন’ সম্বোধন করে রাষ্ট্রপতি মন্তব্য করেন যে, মুখ্যমন্ত্রী হয়তো কোনো কারণে তাঁর ওপর রাগ করেছেন। প্রোটোকল না মানা হলেও তিনি নিজেকে ‘বাংলার মেয়ে’ হিসেবে দাবি করে জনগণের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। একটি শালগাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শেষ করে তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।