শিলিগুড়ি কি এবার গৌতম দেবের হাতের মুঠোয়? প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে নামলেন মেয়র

শিলিগুড়ি কি এবার গৌতম দেবের হাতের মুঠোয়? প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে নামলেন মেয়র

শিলিগুড়ি

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে সশরীরে উপস্থিত হয়ে ঘাসফুল শিবিরের হয়ে দেওয়াল লিখন শুরু করলেন তিনি। দলের তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা না হলেও মেয়রের এই সক্রিয়তা একপ্রকার বুঝিয়ে দিচ্ছে যে, এবার শিলিগুড়ি কেন্দ্র থেকেই তিনি ময়দানে নামতে চলেছেন।

গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে পরাজয়ের পর এবার নিজের ‘জন্মভূমি’ শিলিগুড়ি থেকেই লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গৌতম দেব। এদিন দেওয়াল লিখনের ফাঁকেই তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “জীবনে ৯টি নির্বাচনে লড়াই করেছি। দল সুযোগ দিলে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আবারও বিধানসভায় যেতে চাই।”

রাজনৈতিক মহলের মতে, মেয়র হিসেবে গত কয়েক বছরে শিলিগুড়ির উন্নয়নে গৌতম দেব যে ভূমিকা নিয়েছেন, তাকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যদিও এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি, তবুও মেয়রের এই আগাম প্রচার বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রার্থী তালিকা প্রকাশের আগেই মেয়রের এই ‘পলিটিক্যাল মুভ’ এখন শহরজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *