শিল্পী নন্দলাল বসুর নাতির আবেদন: আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

শিল্পী নন্দলাল বসুর নাতির আবেদন: আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের সংবিধানের অলঙ্করণকারী প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ৮৮ বছর বয়সী সুপ্রবুদ্ধবাবু ও তাঁর পরিবারের নাম হঠাৎ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায় চলে যাওয়া এবং পরবর্তীতে বাদ পড়া নিয়ে বিভিন্ন মহলে শোরগোল শুরু হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির সময় এই প্রসঙ্গটি উঠলে শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দেয়। প্রধান বিচারপতি স্পষ্ট জানান যে, নন্দলাল বসুর নাতির করা আপিলের ক্ষেত্রে কমিশনকে পূর্ণ সহযোগিতা করতে হবে। ভোটার তালিকায় কেন নাম বাদ পড়ল এবং বর্তমান স্থিতি কী, সেই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার পর প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, আজ অর্থাৎ সোমবার রাতের মধ্যেই নির্বাচন কমিশনকে ভোটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিজিটাল স্বাক্ষর বা ই-সিগনেচারের কাজ প্রায় শেষের পথে। তালিকার নির্ভুলতা নিশ্চিত করে দ্রুত তা জনসমক্ষে আনার প্রক্রিয়া চলছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *