শিশুর কোমল ত্বকে বেবি ওয়াইপসের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বর্তমানে শিশুর পরিচ্ছন্নতায় বেবি ওয়াইপস অপরিহার্য হয়ে উঠলেও এর অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় পাঁচ গুণ পাতলা ও সংবেদনশীল। বারবার ওয়াইপস দিয়ে ঘষার ফলে ত্বকের প্রাকৃতিক তৈলাক্ত স্তর বা ‘লিপিড লেয়ার’ ক্ষতিগ্রস্ত হয়। এতে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।
অনেক নামী ব্র্যান্ডের ওয়াইপসে অ্যালকোহল, প্রিজারভেটিভ ও উগ্র সুগন্ধি থাকে, যা ত্বকের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। এর ফলে শিশুদের মধ্যে র্যাশ, একজিমা এবং ‘ডায়পার ডার্মাটাইটিস’-এর মতো চর্মরোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, রাসায়নিকযুক্ত এই পণ্যগুলোর ওপর অতি-নির্ভরতা দীর্ঘমেয়াদে শিশুর ত্বকের স্থায়ী ক্ষতি করতে পারে।
সুরক্ষার খাতিরে কৃত্রিম উপকরণের বদলে প্রাকৃতিক যত্নে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাড়িতে থাকাকালীন ওয়াইপসের পরিবর্তে হালকা গরম জল ও নরম সুতির কাপড় ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। একান্তই প্রয়োজনে সুগন্ধহীন ও ‘পিএইচ ব্যালেন্সড’ ওয়াইপস বেছে নেওয়া উচিত। এছাড়া ডায়াপার বদলানোর পর ত্বককে স্বাভাবিক বাতাসে শুকোতে দেওয়া এবং চিকিৎসকের পরামর্শে সুরক্ষা ক্রিম ব্যবহার করা জরুরি।