শিশুর পেটে ব্যথায় গ্রাইপ ওয়াটার, বড় ক্ষতির আশঙ্কায় সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বর্তমানে শিশুর পেটে ব্যথা বা গ্যাসের সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্রাইপ ওয়াটার খাওয়ানোর প্রবণতা বাড়ছে। ভারতের বাজারে এটি সহজলভ্য হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) একে বাতিলের তালিকায় রেখেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্রাইপ ওয়াটারে থাকা অ্যালকোহল ও অতিরিক্ত চিনি শিশুর বিকাশে মারাত্মক প্রভাব ফেলে।
গবেষণায় দেখা গেছে, এতে থাকা উচ্চমাত্রার চিনি দুই বছরের কমবয়সী শিশুদের স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং টাইপ-টু ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়। এছাড়া সোডিয়াম বাইকার্বোনেটের মতো ক্ষারীয় উপাদান শিশুর দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি করতে পারে। চিনির প্রভাবে দাঁতের স্বাস্থ্যেরও অবনতি ঘটে এবং অ্যালকোহলের উপস্থিতিতে শিশুরা অস্বাভাবিকভাবে ঝিমিয়ে থাকে।
সদ্যোজাত শিশুর পেট ব্যথার সমস্যায় এখন বাজারে অনেক উন্নত ও নিরাপদ ওষুধ পাওয়া যায়। তাই ঝুঁকি এড়াতে গ্রাইপ ওয়াটারের পরিবর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধ ব্যবহার করা জরুরি। শিশুর সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির স্বার্থে অভিভাবকদের সচেতন হওয়া এখন সময়ের দাবি।