শীতলকুচিতে বজ্রাঘাতে প্রাণ হারালেন কৃষক, শোকাতপ্ত পরিবারের পাশে তৃণমূল প্রার্থী

শীতলকুচিতে বজ্রাঘাতে প্রাণ হারালেন কৃষক, শোকাতপ্ত পরিবারের পাশে তৃণমূল প্রার্থী

কোচবিহারের শীতলকুচিতে কালবৈশাখীর তাণ্ডবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে আচমকা ঝড়-বৃষ্টির সময় জমিতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় অনন্ত বর্মণ (৩৫) নামে এক যুবকের। শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের মিরামারা এলাকার এই ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে আরও তিন কৃষকের সঙ্গে তামাক খেতে কাজ করছিলেন অনন্ত। আবহাওয়া খারাপ হওয়ায় দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করার সময় মাঠের মাঝেই তাঁর ওপর বাজ পড়ে। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুঃসংবাদ পেয়েই মৃত যুবকের বাড়িতে পৌঁছান শীতলকুচি বিধানসভার তৃণমূল প্রার্থী হরিহর দাস ও ব্লক সভাপতি তপনকুমার গুহ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *