শীর্ষপদে আইপিএস আধিপত্য বজায় রাখতে অনড় কেন্দ্র, সুপ্রিম নির্দেশ এড়িয়ে সংসদে নয়া বিল

শীর্ষপদে আইপিএস আধিপত্য বজায় রাখতে অনড় কেন্দ্র, সুপ্রিম নির্দেশ এড়িয়ে সংসদে নয়া বিল

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) শীর্ষপদগুলোতে আইপিএস কর্মকর্তাদের একাধিপত্য বজায় রাখতে নতুন আইন আনতে চলেছে মোদী সরকার। আজ সোমবার রাজ্যসভায় ‘দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) বিল ২০২৬’ পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ, সিআরপিএফ ও আইটিবিপির মতো বাহিনীগুলোতে আইপিএসদের দাপট কমাতে শীর্ষ আদালতের পূর্বতন নির্দেশকে এই বিল কার্যত অগ্রাহ্য করেছে।

প্রস্তাবিত বিলে ডিরেক্টর জেনারেল (ডিজি) এবং স্পেশাল ডিরেক্টর জেনারেল (এসডিজি) পদগুলো সম্পূর্ণভাবে আইপিএসদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের ৬৭ শতাংশ এবং আইজি পদের ৫০ শতাংশ আইপিএস কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। সরকারের যুক্তি, কেন্দ্র-রাজ্য সমন্বয় রক্ষায় এই ডেপুটেশন ব্যবস্থা অপরিহার্য। তবে বাহিনীর নিজস্ব ক্যাডারদের পদোন্নতির সুযোগ সীমিত হওয়ায় জওয়ানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই বিলের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে অবসরপ্রাপ্ত জওয়ানদের সংগঠন। বিরোধীরাও সংসদের ভেতরে সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনীতে আইপিএস আধিপত্য কমিয়ে নিজস্ব ক্যাডারদের সুযোগ দেওয়ার কথা বলেছিল। সরকারের এই নতুন আইনি পদক্ষেপ সেই বিচারবিভাগীয় পর্যবেক্ষণকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *