শুক্রবার থেকে রাজ্যে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি দক্ষিণ ও উত্তরবঙ্গে

শুক্রবার থেকে রাজ্যে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি দক্ষিণ ও উত্তরবঙ্গে

রাজ্যে আবহাওয়া পরিবর্তনের ধারা অব্যাহত। সপ্তাহের শুরুতে ঝোড়ো বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বুধবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আকাশ মূলত শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে শুক্রবার থেকে পরিস্থিতি ফের বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গজুড়ে কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে। বিশেষ করে ২০ মার্চ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রভাবে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

উত্তরবঙ্গে আগামী ২১ মার্চ বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই দিন জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির স্থায়িত্ব বজায় থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *