শুটিং ফ্লোরে আহত রাম চরণ, দুঃসংবাদ কাটিয়ে দ্রুত কাজে ফিরলেন দক্ষিণী মেগাস্টার

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে জখম হলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। মঙ্গলবার তাঁর আসন্ন স্পোর্টস ড্রামা ‘পেড্ডি’-র সেটে একটি মারপিটের দৃশ্যের চিত্রগ্রহণের সময় আচমকা এই দুর্ঘটনাটি ঘটে। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরণের জল্পনা শুরু হয়।
সূত্রের খবর, অভিনেতা চোখের উপরের অংশে চোট পেয়েছেন এবং সেখানে চারটি সেলাই পড়েছে। তবে তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে আঘাতটি গুরুতর নয় এবং অভিনেতার চোখ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর রাম চরণ বর্তমানে স্থিতিশীল আছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই।
সামান্য এই চোট কাটিয়ে পেশাদারিত্বের নজির গড়ে দ্রুত শুটিং ফ্লোরে ফিরেছেন রাম চরণ। বিশ্রামের বদলে কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। এ.আর রহমানের সঙ্গীত পরিচালনায় এই বিগ বাজেটের ছবিতে রাম চরণের সঙ্গে জাহ্নবী কাপুর ও শিব রাজকুমারকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।