শুধু পিন দিয়ে আর পেমেন্ট নয়! ১ এপ্রিল থেকে কী নতুন নিয়ম আনছে RBI?

শুধু পিন দিয়ে আর পেমেন্ট নয়! ১ এপ্রিল থেকে কী নতুন নিয়ম আনছে RBI?

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত অনলাইন লেনদেনের ক্ষেত্রে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র পিন বা পাসওয়ার্ড দিয়ে লেনদেন করা যাবে না; এর পাশাপাশি ওটিপি, বায়োমেট্রিক বা সফটওয়্যার টোকেনের মতো অতিরিক্ত স্তরের সুরক্ষা স্তর পার করতে হবে গ্রাহকদের।

আরবিআই জানিয়েছে, গত এক দশকে ইউপিআই ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেলেও পাল্লা দিয়ে বেড়েছে ফিশিং এবং অনলাইন জালিয়াতি। প্রতারণা রুখতে এই সুরক্ষা কবচ অত্যন্ত জরুরি। নতুন নির্দেশিকা অনুযায়ী, লেনদেনের একটি মাধ্যম অবশ্যই ‘ডায়নামিক’ হতে হবে, যা প্রতিবার নতুন করে তৈরি হবে। কোনো সংস্থা এই নিয়ম না মানলে এবং জালিয়াতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ভার নিতে হবে।

ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড নেটওয়ার্ক এবং ফিনটেক সংস্থাগুলো গ্রাহকদের পছন্দমতো অথেন্টিকেশন পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেবে। তবে বিদেশের সাথে লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করার সময়সীমা আগামী ১ অক্টোবর পর্যন্ত রাখা হয়েছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলতেই কেন্দ্রীয় ব্যাঙ্ক এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *