শুভেন্দুর মনোনয়নে অশান্তি: সিসিটিভি দেখে ধরপাকড় শুরু লালবাজারের, কোপে দুই দুঁদে পুলিশকর্তা

শুভেন্দুর মনোনয়নে অশান্তি: সিসিটিভি দেখে ধরপাকড় শুরু লালবাজারের, কোপে দুই দুঁদে পুলিশকর্তা

ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল লালবাজার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় বিশৃঙ্খলার জেরে সিসিটিভি ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখে ৩৫ থেকে ৪০ জন বিক্ষোভকারীকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। চিহ্নিত ব্যক্তিদের দ্রুত নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় কালীঘাট ও আলিপুর থানায় বেআইনি জমায়েত ও শান্তিভঙ্গের অভিযোগে মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশনের কড়া বার্তার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সূত্রের খবর, খোদ মুখ্য নির্বাচন কমিশনার বিশৃঙ্খলা সামলাতে ব্যর্থতার দায়ে কলকাতা পুলিশ কমিশনারকে ভর্ৎসনা করেছেন। এরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শো-কজ করেছে লালবাজার। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কেন ওই এলাকায় অবৈধ জমায়েত আটকানো সম্ভব হয়নি।

বুধবার হাজরা মোড়ে শাহের রোড শো চলাকালীন কালীঘাটে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, অনুমোদিত কর্মসূচি সত্ত্বেও তৃণমূলের অবৈধ জমায়েত থেকে প্ররোচনা দেওয়া হয়েছে। ভোটের মুখে কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি স্পষ্ট করে দিচ্ছে যে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *