শুভেন্দুর মনোনয়ন ঘিরে ধুন্ধুমার: কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতার দুই ডিসিকে শো-কজ লালবাজারের

শুভেন্দুর মনোনয়ন ঘিরে ধুন্ধুমার: কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতার দুই ডিসিকে শো-কজ লালবাজারের

ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড় ও সংলগ্ন এলাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত রোড শো চলাকালীন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কড়া পদক্ষেপ নিল লালবাজার। নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে কারণ দর্শানোর নোটিশ বা শো-কজ করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে তীব্র ভর্ৎসনা করে নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রীর পাড়ায় তৃণমূল কর্মীদের বেআইনি জমায়েত ও বিক্ষোভ চলাকালীন পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। নির্বাচন কমিশনের কড়া মনোভাবের পরেই লালবাজারের অন্দরে এই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

অশান্তির ঘটনায় ইতিমধ্যেই কালীঘাট ও আলিপুর থানায় পৃথক তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ দুটি মামলা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করেছে। অনুমতিহীন জমায়েত এবং সরকারি নির্দেশিকা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝেও এমন বিশৃঙ্খলা তৈরি হলো, তা নিয়ে অভিযুক্ত দুই ডেপুটি কমিশনারকে দ্রুত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *