শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ কত? নির্বাচন কমিশনের হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

২০২১ সালের নন্দীগ্রামের পর ২০২৬-এর নির্বাচনেও লাইমলাইটে শুভেন্দু অধিকারী। সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যের বিরোধী দলনেতার বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় যেখানে ছিল ৮.১৩ লক্ষ টাকা, ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৩৮ লক্ষ টাকায়। আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও সম্পত্তির খতিয়ানে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য।
হলফনামা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর বর্তমানে অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা, যা ২০২১ সালের ৫৯ লক্ষ ৩১ হাজার টাকার তুলনায় অনেকটাই কম। তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১২ হাজার টাকা। অন্যদিকে, স্থাবর সম্পত্তির মোট মূল্য ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে ২.৪৬ একর কৃষিজমি ছাড়াও রয়েছে নিজস্ব বাড়ি ও ফ্ল্যাট। তবে হলফনামায় তাঁর নামে কোনও গাড়ি, গয়না বা ব্যাংক ঋণের উল্লেখ নেই। অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি সম্পূর্ণ ঋণমুক্ত।
সম্পত্তির পাশাপাশি নজর কেড়েছে শুভেন্দুর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার দীর্ঘ তালিকা। বর্তমানে তাঁর বিরুদ্ধে দাঙ্গা, মানহানি ও বিপর্যয় মোকাবিলা আইনসহ প্রায় ২৫টি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলির বেশিরভাগই ২০২০ সালে দলবদলের পর দায়ের করা হয়েছে। যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ১৫টি মামলা খারিজ করেছে এবং বাকিগুলিতেও তিনি এখনও পর্যন্ত কোনওটিতেই দোষী সাব্যস্ত হননি। রাজনৈতিক মহলে তাঁর এই হলফনামা নিয়ে এখন জোর চর্চা চলছে।