শুভেন্দু-দিলীপের মালাবদল: মানভঞ্জন মিটিয়ে মেদিনীপুরে পদ্ম শিবিরের ঐক্যের ছবি

খড়গপুরে এক বর্ণাঢ্য রোড শোর মাধ্যমে বিজেপির দুই প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব ঘুচল। শনিবার দুপুরে খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুডখোলা ট্যাবলোতে দুই নেতাকে একে অপরের গলায় মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এমনকি শুভেন্দুর মাথায় পাগড়িও পরিয়ে দেন দিলীপ ঘোষ।
দীর্ঘদিন যাবৎ দুই নেতার সম্পর্কের শীতলতা নিয়ে জল্পনা থাকলেও, দলের স্বার্থে তাঁরা যে আবার এক হয়েছেন তা এদিনের কর্মসূচি থেকেই স্পষ্ট। রোড শো চলাকালীন তাঁদের হাসিমুখে কথা বলতে ও জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। শুভেন্দু ও দিলীপের এই নতুন রসায়ন কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়িয়েছে। আগামী দিনে নন্দীগ্রাম ও খড়গপুরে একে অপরের সমর্থনে প্রচার করার জোরালো বার্তাও মিলেছে এই মিলন দৃশ্য থেকে।
মনোনয়ন জমা দেওয়ার সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও তাঁদের সঙ্গে মিছিলে অংশ নেন। রাম মন্দিরে পুজো দিয়ে শুরু হওয়া এই মিছিলটি গোলবাজার হয়ে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছয়। শুভেন্দু অধিকারীর দাবি, অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনের মধ্যে এবার ৩০টির বেশি আসনে বিজেপি জয়লাভ করবে। গত নির্বাচনে এই অঞ্চলে প্রত্যাশিত ফল না হলেও, এবার দুই হেভিওয়েট নেতার সংহতি দলের জয়ের পথ সুগম করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।