শেয়ার বাজারে মহাপ্রলয় কয়েক মিনিটে উধাও ৭ লক্ষ কোটি টাকা

দালাল স্ট্রিটে হাহাকার! সোমবার বাজার খুলতেই লগ্নিকারীদের পকেটে বিশাল কোপ পড়ল। মাত্র কয়েক মিনিটের ঝড়ে বিএসই সেনসেক্স ১২০০ পয়েন্টের বেশি নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকা কার্যত কর্পূরের মতো উবে গিয়েছে। সপ্তাহের শুরুতেই এই রক্তক্ষয়ী পতনে মাথায় হাত পড়েছে সাধারণ থেকে বড় মাপের সমস্ত লগ্নিকারীদের।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয়ের পেছনে রয়েছে বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া একাধিক আন্তর্জাতিক সংকট। ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হয়ে ব্যারেল প্রতি ১১৬ ডলারে পৌঁছেছে। ভারত তার প্রয়োজনের সিংহভাগ তেল আমদানি করায় এই মূল্যবৃদ্ধি সরাসরি দেশের অর্থনীতি ও শেয়ার বাজারের ওপর চরম আঘাত হেনেছে। এর পাশাপাশি বিদেশি লগ্নিকারীরা লাগাতার শেয়ার বিক্রি করতে থাকায় পতন আরও ত্বরান্বিত হয়েছে।
সোমবার লেনদেন শুরু হতেই সূচক হুড়মুড়িয়ে পড়তে থাকে। বিএসই-তে তালিকাভুক্ত কো ম্পা নিগুলোর মোট বাজার মূলধন ৪২২ লক্ষ কোটি টাকা থেকে একধাক্কায় ৪১৫ লক্ষ কোটি টাকায় নেমে আসে। মুদ্রাবাজারেও এর আঁচ পড়েছে প্রবলভাবে। যদিও সকালের দিকে ভারতীয় টাকা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তবে বিশ্ববাজারের অস্থিরতা এবং তেলের চড়া দাম লগ্নিকারীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আপাতত অনিশ্চয়তার মেঘ কাটেনি দালাল স্ট্রিটে।