শেষ হবে রান্নার গ্যাসের হাহাকার, আমেরিকা থেকে এল বিশাল এলপিজি জাহাজ

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে গ্যাসের জোগানে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কাটতে চলেছে। টেক্সাস থেকে ১৬ হাজার ৭১৪ মেট্রিক টন এলপিজি নিয়ে বিশাল জাহাজ ‘পিক্সিস পাইওনিয়ার’ পৌঁছেছে নিউ মঙ্গলুরু বন্দরে। এজিস লজিস্টিকস এই বিপুল পরিমাণ গ্যাস খালাসের কাজ শুরু করেছে।
আমেরিকার পাশাপাশি রাশিয়া থেকেও জ্বালানি আমদানিতে গতি বাড়িয়েছে ভারত। একদিন আগেই রুশ তেলের ট্যাঙ্কার ‘অ্যাকুয়া টাইটান’ প্রায় ৭.৭ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে মঙ্গলুরু উপকূলে পৌঁছেছে। চিন অভিমুখে রওনা দিলেও শেষ মুহূর্তে ভারতের দিকে ঘুরে যায় এই জাহাজটি। বর্তমানে গভীর সমুদ্রে অফশোর পাইপলাইনের মাধ্যমে সেই তেল খালাস করে সরাসরি এমআরপিএল (MRPL) রিফাইনরিতে পাঠানো হচ্ছে।
জ্বালানি মজুত ও সরবরাহের ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মঙ্গলুরু। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫ মিটার গভীরে অবস্থিত ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড এলপিজি স্টোরেজও এখন পুরোপুরি সক্রিয়। পশ্চিম এশিয়ার সংকটের মাঝে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা ও রাশিয়ার ওপর ভরসা রাখছে ভারত।