শোলের চেয়ে একশো গুণ ভালো ধুরন্ধর ২, বিস্ফোরক মন্তব্য রামগোপাল বর্মার

রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’ মুক্তি পেতে চলেছে। গত দেড় মাস ধরে চলা উন্মাদনার মাঝে ছবিটির মুক্তি নিয়ে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। ‘হামজা আলি’ রূপে রণবীরের ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
মুক্তির আগেই ছবিটি দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রখ্যাত পরিচালক রামগোপাল বর্মা। তাঁর মতে, ‘ধুরন্ধর ২’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে। তিনি দাবি করেছেন, ছবিটি কালজয়ী সিনেমা ‘শোলে’র চেয়েও একশো গুণ উন্নত এবং এটি ‘মুঘল-এ-আজম’-এর মতো মহাকাব্যিক সৃষ্টিকেও ম্লান করে দেবে। এমনকি স্টিভেন স্পিলবার্গ বা ক্রিস্টোফার নোলানের মতো বিশ্বখ্যাত পরিচালকদেরও এই ছবি দেখা উচিত বলে তিনি মনে করেন।
বক্স অফিসে ছবিটি বিশাল ঝড় তুলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রথম পর্বের সাফল্যের পর সিক্যুয়েলটি প্রায় দুই হাজার কোটি টাকার ব্যবসা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৫ লক্ষ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। হিন্দি, তামিল, তেলুগুসহ মোট পাঁচটি ভাষায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।