শ্রেণিকক্ষে ছাত্রীদের দিয়ে ম্যাসাজ করানোর অভিযোগ, যোগীরাজ্যে সাসপেন্ড প্রধান শিক্ষিকা

উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার কারউই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, প্রধান শিক্ষিকা মধু কুমারী রাই শ্রেণিকক্ষের মেঝেতে শুয়ে মোবাইল ব্যবহার করছেন এবং একদল খুদে পড়ুয়া তাঁর পিঠ ও পা ম্যাসাজ করে দিচ্ছে। অভিযোগ উঠেছে, পড়ানোর পরিবর্তে ছাত্রীদের জোরপূর্বক এই কাজে বাধ্য করেছিলেন তিনি।
ঘটনাটি গত ২৮ ফেব্রুয়ারির বলে জানা গিয়েছে। স্কুলেরই এক কর্মীর ধারণ করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা ম্যাসাজ করতে অপারগতা জানালে শিক্ষিকা নিজেই তাদের নিয়ম দেখিয়ে দিচ্ছেন। যদিও অভিযুক্ত শিক্ষিকা মধু কুমারী রাইয়ের দাবি, ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে চিত্রকূটের প্রাথমিক শিক্ষা আধিকারিক অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করেছেন। একইসঙ্গে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্তে দোষ প্রমাণিত হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Headmistress Madhu Kumari of a Government Primary School is accused of making students massage her hands and feet inside the school. Children who come to learn and build their future are allegedly being treated like personal servants. pic.twitter.com/WPKrAqWUHB
— The Nalanda Index (@Nalanda_index) March 6, 2026