ষোলোই মার্চ পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, দুই দফায় ভোট হতে পারে বাংলায়

ষোলোই মার্চ পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, দুই দফায় ভোট হতে পারে বাংলায়

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট চূড়ান্ত করল জাতীয় নির্বাচন কমিশন। জল্পনা ও আইনি জটিলতা কাটিয়ে আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি চললেও নির্বাচন ঘোষণায় কোনো বাধা নেই।

এবারের নির্বাচনে বাংলার ক্ষেত্রে বড় রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, পূর্বের দীর্ঘ দফার বদলে পশ্চিমবঙ্গে সম্ভবত মাত্র দুই দফায় ভোট গ্রহণ করা হতে পারে। অন্যদিকে আসাম, তামিলনাড়ু ও কেরালার মতো রাজ্যগুলিতে এক দফাতেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। ১৮ মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ আবেদনের ভবিষ্যৎ নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছে সিইও দফতর। তবে আদালতের এই নজরদারির মধ্যেই এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে প্রথম দফার ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। মাস শেষের আগেই ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *