সংযুক্ত আরব আমিরশাহির ঋণের চাপে দিশেহারা পাকিস্তান, এপ্রিলেই মেটাতে হবে বিশাল পাওনা

সংযুক্ত আরব আমিরশাহির ঋণের চাপে দিশেহারা পাকিস্তান, এপ্রিলেই মেটাতে হবে বিশাল পাওনা

চরম আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ অবিলম্বে ফেরতের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের এই ঋণ দ্রুত পরিশোধের জন্য ইসলামাবাদকে চাপ দেওয়া হয়েছে। চাপের মুখে পাকিস্তান সরকার এপ্রিল মাসের শেষের মধ্যেই ধারের পুরো অর্থ ধাপে ধাপে পরিশোধ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঋণ পরিশোধের সময়সূচি অনুযায়ী, আগামী ১১ এপ্রিল ৪৫০ মিলিয়ন ডলার, ১৭ এপ্রিল ২ বিলিয়ন ডলার এবং ২৩ এপ্রিল বাকি ১ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের ১৬.৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেই এই অর্থ মেটানো হবে বলে জানা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পাওনার মধ্যে ১৯৯৬-৯৭ অর্থবছরে নেওয়া ৪৫ কোটি ডলারের একটি পুরনো ঋণও অন্তর্ভুক্ত রয়েছে।

পাকিস্তান ঋণের মেয়াদ দীর্ঘমেয়াদে বাড়ানোর অনুরোধ জানালেও সংযুক্ত আরব আমিরশাহি তাতে অনীহা প্রকাশ করেছে। এর আগে এক মাসের জন্য স্বল্প মেয়াদে ঋণের সময় বাড়ানো হলেও এখন তা পূর্ণাঙ্গ পরিশোধের দাবি জানানো হয়েছে। তবে ঋণের একটি অংশকে সরাসরি বিনিয়োগে রূপান্তর করা যায় কি না, তা নিয়ে দুই দেশের মধ্যে সমান্তরাল আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *