সংসদীয় বিধি লঙ্ঘন: মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের বিশেষ অধিবেশন রুখতে সরব কংগ্রেস

আগামী ১৬-১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ এবং এলাকা পুনর্বিন্যাস আইন সংশোধনের কেন্দ্রীয় উদ্যোগকে ‘অসাধু’ ও ‘নির্বাচনি চমক’ বলে তোপ দাগল কংগ্রেস। এআইসিসির মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ শুক্রবার অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মহিলা ভোটারদের প্রভাবিত করতেই আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালে বিল পাশের সময় ২০২৯ সাল থেকে কার্যকরের কথা বললেও, ভোটের মুখে কেন এই তড়িঘড়ি সংশোধনী, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
জয়রাম রমেশ জানান, সরকার বিরোধীদের সর্বদলীয় বৈঠকের আবেদন এবং ৩০ এপ্রিলের পর অধিবেশন ডাকার অনুরোধ উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। মোদী সরকারের এই ‘গা-জোয়ারি’ মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি একে একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। ৩০ মাস পর হঠাৎ সরকারের এই তৎপরতাকে রাজনৈতিক স্বার্থসিদ্ধি হিসেবেই দেখছে জাতীয় কংগ্রেস।
কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে নিজেদের অবস্থান চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এরপর ১৬ এপ্রিলের আগে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের নিয়ে বড়সড় আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোট চলায় তৃণমূল বা ডিএমকে-র মতো দলগুলো সশরীরে উপস্থিত থাকতে পারবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা বজায় রয়েছে। কেন্দ্র-বিরোধী এই সংঘাত ঘিরে জাতীয় রাজনীতি এখন সরগরম।