সংসদে চরম উত্তেজনা! এনজিওদের ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি মোদী সরকার ও কংগ্রেস

বিদেশি অনুদান বা এফসিআরএ আইনের আমূল বদলে দিতে তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। সরকারের দাবি, এই সংশোধনীর মাধ্যমে বিদেশি তহবিলের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে বুধবার লোকসভায় এই বিল পাসের তোড়জোড় শুরু হতেই রণংদেহি মেজাজে ধরা দিয়েছে কংগ্রেস।
বিলটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে লোকসভা চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছে হাত শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন, এই কঠোর আইন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা পরিচালিত এনজিও এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেবে। দলের সমস্ত সাংসদকে বুধবার সংসদে উপস্থিত থাকার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, জনহিতকর সংস্থাগুলোর কণ্ঠরোধ করতেই বিজেপি এই ‘কালো বিল’ আনতে চলেছে। অন্যদিকে, বুধবারই বিলটি পাসের লক্ষ্য নিয়ে অনড় অবস্থানে রয়েছে শাসক দল। সব মিলিয়ে লোকসভায় বড়সড় সংঘাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।