সংসদে বাংলা নিয়ে ধুন্ধুমার দ্রৌপদী মুর্মু থেকে বকেয়া টাকা নিয়ে মুখোমুখি তৃণমূল ও বিজেপি

রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল বিতর্ক— একাধিক ইস্যুতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল সংসদের দুই কক্ষ। ভোটার তালিকার সংশোধন এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চলল তীব্র বাদানুবাদ। বকেয়া পাওনার দাবিতে সরব হয়ে মোদী সরকারকে কার্যত কোণঠাসা করার চেষ্টা করেন বাংলার শাসক দলের সাংসদরা।
রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের এক প্রশ্নের প্রেক্ষিতে অতর্কিতে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন বিজেপি নেতা জে পি নাড্ডা। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং বিচার ব্যবস্থাকে হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল সাংসদরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণানকে।
অন্যদিকে, গ্রামোন্নয়ন মন্ত্রকের আলোচনায় অংশ নিয়ে তৃণমূল সাংসদ নাদিমুল হক অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাংলার লক্ষ লক্ষ কোটি টাকা আটকে রেখে রাজ্যের গরিব মানুষের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করছে। আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া না মেটানোকে তিনি আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেন। পাল্টা আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেন, প্রধানমন্ত্রী যুক্ত থাকা প্রকল্পগুলো রাজ্য সরকার কার্যকর হতে দিচ্ছে না। পিএম ফসল বিমা যোজনার মতো প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে রাজ্য সরকার ‘পাপ’ করছে বলেও তিনি মন্তব্য করেন।