সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু, নির্মলা সীতারামন পেশ করছেন গুরুত্বপূর্ণ দুটি বিল

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন লোকসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছেন। এর মধ্যে রয়েছে ‘কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬’, যা লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ও কো ম্পা নিজ অ্যাক্টে পরিবর্তন আনবে। এছাড়া ২০২৬-২৭ অর্থবর্ষের সরকারি আর্থিক প্রস্তাবনা কার্যকর করতে তিনি ‘ফিনান্স বিল, ২০২৬’ বিবেচনার জন্য সভায় উত্থাপন করবেন।
অধিবেশনে বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরা গুরুত্বপূর্ণ নথিপত্র পেশ করার পাশাপাশি সংসদীয় কমিটির একাধিক রিপোর্ট জমা দেবেন। বিজেপি সাংসদ ডি পুরন্দেশ্বরী মহিলাদের সাইবার সুরক্ষা সংক্রান্ত রিপোর্ট এবং টিডিপি সাংসদ মাগুন্টা শ্রীনিবাসুলু রেড্ডি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহুরে)’ প্রকল্পের মূল্যায়ন রিপোর্ট পেশ করবেন। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের জোগান এবং বিমা ক্ষেত্রের পর্যালোচনা নিয়ে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে।
আগামী ২ এপ্রিল পর্যন্ত বাজেট অধিবেশনের এই দ্বিতীয় পর্ব চলার কথা রয়েছে। গত ২৮ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনে মোট ৬৫ দিনে ৩০টি বৈঠকের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই পর্বে মূলত জরুরি আইনি কাজকর্ম এবং কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে কৃষি ও রেল মন্ত্রকের অনুদান দাবি এবং অ্যাপ্রোপ্রিয়েশন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে।