সংসারের অভাব দূর করতে কবে অন্নপূর্ণা পুজো? জেনে নিন ২০২৬ সালের পুজোর সঠিক নির্ঘণ্ট ও শুভ সময়

হিন্দু শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণা হলেন অন্ন ও পুষ্টির অধিষ্ঠাত্রী। স্বয়ং মহাদেব যাঁর কাছে ভিক্ষা গ্রহণ করে জগতের অন্নাভাব দূর করেছিলেন, সেই দেবী পার্বতীর বিশেষ রূপ অন্নপূর্ণার আরাধনা করলে সংসারে কখনও খাদ্যের অভাব হয় না। এ বছর চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীর এই মহাদেবীর আরাধনা কবে এবং পুজোর সময়সূচী কী, দেখে নিন একনজরে।
পুজোর তারিখ ও নির্ঘণ্ট
বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা— উভয় মতেই আগামী ১১ চৈত্র (২৬ মার্চ, বৃহস্পতিবার) অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী
অষ্টমী তিথি শুরু: ১০ চৈত্র (২৫ মার্চ, বুধবার) দুপুর ১টা ৫২ মিনিটে।
অষ্টমী তিথি শেষ: ১১ চৈত্র (২৬ মার্চ, বৃহস্পতিবার) সকাল ১১টা ৪৯ মিনিটে।
মূল পুজো: ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের পর অষ্টমী তিথি পাওয়ায় এই দিনই পুজো হবে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী
অষ্টমী তিথি শুরু: ১০ চৈত্র (২৫ মার্চ, বুধবার) বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে।
অষ্টমী তিথি শেষ: ১১ চৈত্র (২৬ মার্চ, বৃহস্পতিবার) দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে।
যেহেতু ১১ চৈত্র ভোরে অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনই অন্নপূর্ণা পুজো বিহিত।
পৌরাণিক গুরুত্ব
পুরাণ অনুসারে, দেবী অন্নপূর্ণা ও মহাদেবের মান-অভিমানের জেরে একদা কৈলাস ত্যাগ করেছিলেন দেবী। ফলে মর্ত্যে খাদ্যাভাব ও মহামারি দেখা দেয়। তখন ভক্তদের রক্ষা করতে মহাদেব স্বয়ং কাশীতে দেবীর কাছে অন্ন ভিক্ষা করেন। দেবীর দয়ায় জগতের ক্ষুধা নিবারণ হয়। সেই থেকে চৈত্র মাসের শুক্লাষ্টমীতে মা অন্নপূর্ণার আরাধনা হয়ে আসছে।