সংসারের আড়ালে লুকিয়ে ছিল কোন ঝড়? স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নদিয়ার শিমুরালিতে পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম তিতু বিশ্বাস (২৭)। রবিবার দুপুরে অভিযুক্ত অহীন্দ্র বিশ্বাস বাজার থেকে ফিরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিবাদ চরম আকার নিলে তিনি তিতুর গলায় ধারালো অস্ত্রের কোপ মারেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
চিৎকার শুনে অভিযুক্তের দাদার স্ত্রী অর্পণা বিশ্বাস উদ্ধার করতে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিতুকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আহত অর্পণা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতার পরিবারের দাবি, দম্পতির মধ্যে দীর্ঘদিনের অশান্তি ছিল।
ঘটনার পর অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে গেলেও পুলিশ তল্লাশি চালিয়ে তাঁকে আটক করেছে। পেশায় হাতুড়ে চিকিৎসক অহীন্দ্রের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। দম্পতির আট-নয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে।