সকালে রণকৌশল আর বিকেলে পাড়া বৈঠক: বালুরঘাটে প্রচারে তুঙ্গে অর্পিতা ঘোষ

সকালে রণকৌশল আর বিকেলে পাড়া বৈঠক: বালুরঘাটে প্রচারে তুঙ্গে অর্পিতা ঘোষ

বালুরঘাট বিধানসভা কেন্দ্রে জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। প্রতিদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে নিজের ভাড়া বাড়িতে দীর্ঘ বৈঠক করছেন তিনি। সেখানে বুথভিত্তিক রণকৌশল ও প্রচারের রূপরেখা নির্ধারণের পরই দুপুরের দিকে বেরোচ্ছেন জনসংযোগে। বিশেষ করে পাড়া বৈঠকের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর জোর দিচ্ছেন তিনি।

ইতিমধ্যেই প্রায় ২০০টি বুথে প্রচার সেরে ফেলেছেন অর্পিতা। তাঁর প্রচারের মূল হাতিয়ার হয়ে উঠেছে গত ১০ বছরে বালুরঘাটে তৃণমূল বিধায়ক না থাকায় উন্নয়নের স্থবিরতা এবং সাধারণ মানুষের প্রশাসনিক হয়রানি। বিরোধীদের কটাক্ষের জবাবে তিনি সাফ জানিয়েছেন, বিজেপির বিধায়ক ও সাংসদরা উন্নয়নের প্রকৃত সংজ্ঞা জানেন না। তাই তাঁরা কেবল ব্যক্তিগত শংসাপত্র দেওয়ার রাজনীতিতেই সীমাবদ্ধ।

তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল সরিয়ে রেখে এবার সব পক্ষই অর্পিতার সমর্থনে এককাট্টা হয়ে মাঠে নেমেছে। ঈশ্বরপাড়া ও সল্টলেক পাড়ার মতো এলাকাগুলোতে পাড়া বৈঠকের পাশাপাশি রাত্রেও নিয়মিত কর্মী বৈঠক করছেন প্রার্থী। বুথ স্তরকে শক্তিশালী করাই অর্পিতার মূল লক্ষ্য, যেখানে তাঁর প্রচারের পর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দলের সাফল্য তুলে ধরছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *